ফুলগাজীতে ছিনতাই হওয়া অটোরিকশা চৌদ্দগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী থেকে ছিনতাই হওয়ার এক ঘণ্টা পর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে অটোরিকশার চালক গিয়াস উদ্দিন দুজন যাত্রী নিয়ে ফুলগাজী থেকে কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশে যাত্রা করেন। ফেনী-পরশুরাম সড়কের গথিয়া পুল এলাকায় সড়কের ওপর আরসিসি পিলার দেখতে পেয়ে অটোরিকশা থেকে নামেন চালক। এ সময় তিন-চারজন ছিনতাইকারী তাঁকে এলোপাতাড়ি মারধর করে। পরে ছিনতাইকারীরা দুই যাত্রীকে মারধর করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় একপর্যায়ে অটোরিকশার গ্যাস শেষ হয়ে যায়। ভোর সাড়ে পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি এলাকায় মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে একটি অটোরিকশা ঠেলে নিয়ে যেতে দেখে উৎসুক হয়ে এগিয়ে যান। তাঁদের এগিয়ে আসতে দেখে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় মুসল্লিরা এক ব্যক্তিকে ধরে ফেলেন। পরে আটক নুরুল করিম অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করে।
অটোরিকশার আহত চালক গিয়াস উদ্দিনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রী মো. হাসান ও তাঁর স্ত্রী মঞ্জুরা আক্তারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।