ফুলগাজীতে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ফেনীর ফুলগাজীতে গতকাল সোমবার দুপুরে ও গত রোববার রাতে স্থানীয় লোকজন তিন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, গত রোববার রাতে ফুলগাজী উপজেলা সদরের উত্তর শ্রীপুরের মিন্টু মেম্বারের বাসায় চার-পাঁচজন ডাকাত ঢুকে অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা বের হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে সোহাগ (২৭) নামের এক ডাকাতকে ধরে ফেলেন। পিটুনি দেওয়ার পর সোহাগ সহযোগীদের নাম বলেন। আত্মগোপন করে থাকা দুই ডাকাত পিয়াস (২৫) ও মামুন (২৪) গতকাল সকালে হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে এসে গ্রামবাসীকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে গ্রামবাসী একত্র হয়ে তাঁদের ধাওয়া করে ধরে ফেলেন। তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান, দুটি কার্তুজ ও একটি রামদা উদ্ধার করে তাঁদের পিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী।