ফুলগাজীতে নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
ফেনীর ফুলগাজীতে নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. শাহাদাত হোসেন (২৯) ও তাঁর সহযোগী মো. ইসরাফিল (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এক নারী (২৪) বাসযোগে চট্টগ্রাম থেকে এসে ফেনীর মহিপালে নামেন। সেখান থেকে তাঁর বাড়ি ফুলগাজীতে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার হাসানপুর পুলের কাছে পৌঁছালে চালক ওই নারীকে বলেন, অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, ঠিক করতে কিছু সময় লাগবে। পরে অটোরিকশার চালক মুঠোফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর দুই ব্যক্তি সেখানে এসে ওই নারীকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে ধরে গণপিটুনি দেন। তবে একজন পালিয়ে যান। পরে ফুলগাজী থানার পুলিশ এসে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এই ঘটনায় ওই নারী তিনজনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেছেন।
ফুলগাজী থানার ওসি এম এম মুর্শেদ বলেন, গ্রেপ্তার করা দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।