ফুলগাজীতে পাঁচ শতাধিক ককটেল উদ্ধার!
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের একটি ঘর থেকে গতকাল রাত আটটায় পুলিশ পাঁচ শতাধিক ককটেল উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল তৈরির কারিগররা দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ মহিউদ্দিন মোহামঞ্চদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতা গোলাম রসুল মজুমদার ওরফে গোলাপের বাড়ির পাশের একটি ঘর থেকে পাঁচ শতাধিক ককটেল উদ্ধার করেছে।
পুলিশ ওই ঘরটিকে ককটেল তৈরির কারখানা হিসেবে বিবেচনা করছে। ঘরটি ছিল পরিত্যক্ত অবস্থায়। ঘরের মালিক দীর্ঘদিন থেকে সপরিবারে ঢাকায় বসবাস করেন। ককটেলগুলো সেখান থেকে উদ্ধার করে ফুলগাজী থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ প্রথম আলোকে জানান, ২৩ মার্চ উপজেলা নির্বাচন প্রভাবিত করার জন্য এসব ককটেল তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তক্রমে কারা এসব ককটেল তৈরির সঙ্গে যুক্ত, সেটা অবশ্যই বেরিয়ে আসবে এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।