ফুলগাজীতে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা একজন আসামিকে ছিনতাই করে নিয়ে গেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে ফেনীর ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক আকতার হোসেন স্থানীয় ঘোসাইপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও যুবলীগের কর্মী আবদুল হককে (২৮) একটি মামলায় গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে একটি টেম্পোতে উঠিয়ে থানার দিকে রওনা হয়।আবদুল হকের গ্রেপ্তারের খবর শুনে তাৎক্ষণিকভাবে ২৫-৩০ জন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী সেখানে জড়ো হন। তাঁরা আবদুল হককে ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু পুলিশ তাঁকে ছেড়ে দিতে রাজি না হওয়ায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশ বহনকারী টেম্পোতে হামলা-ভাঙচুর ও পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আকতার হোসেন ও মোশারফ হোসেনকে লাঞ্ছিত করেন এবং গ্রেপ্তারকৃত আসামি আবদুল হককে ছিনিয়ে নিয়ে যান।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলামান পুলিশের ব্যবহূত টেম্পো ভাঙচুর, পুলিশ কর্মকর্তাদের লাঞ্ছিত ও আবদুল হক নামে একজন আসামি ছিনতাই করে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।