ফুলগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে গতকাল রোববার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে গতকাল মাস্টার নূরুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফেনী পৌরসভা একাদশের সঙ্গে পরশুরাম উপজেলা একাদশের খেলা ছিল। খেলার নির্ধারিত সময় ছিল গোলশূন্য। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরশুরাম একাদশ জয়লাভ করে। খেলা শেষ হওয়ার আগেই পরশুরাম একাদশের কিছু উচ্ছৃঙ্খল সমর্থক মাঠে প্রবেশের চেষ্টা করেন। এ সময় টুর্নামেন্ট কমিটির স্বেচ্ছাসেবকেরা তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে খেলা শেষ হওয়ার পর পরশুরাম একাদশের সমর্থক ও টুর্নামেন্ট কমিটির স্বেচ্ছাসেবকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পরশুরাম উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াছিন শরিফ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ছাত্রলীগের কর্মী সৈকত, শাহীন ও সাদ্দাম এবং টুর্নামেন্ট কমিটির স্বেচ্ছাসেবক ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ছেলে আরিফসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সৈকত, শাহীন ও সাদ্দামকে পরশুরাম হাসপাতালে এবং আরিফকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরশুরাম উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন এবং ফুলগাজী উপজেলা যুবলীগের সহসভাপতি গোলাম রাব্বানী খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও দলীয় ১০ নেতা-কর্মীর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বিষয়টিকে ভুল-বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে দলীয় পর্যায়ে এর মীমাংসা হবে বলে আশা প্রকাশ করেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, কেউ চড়-থাপড় খেয়ে হাসপাতালে ভর্তি হলে কিছু বলার থাকে না।উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্ট ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য একরামুল হকের বাবা মাস্টার নূরুল হকের নামে দেওয়া হয়েছে।