ফুলগাজীতে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের তিনটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া পানি ফুলগাজী উপজেলা পরিষদের সামনের ফেনী-পরশুরাম সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফুলগাজী উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার সকালে মুহুরী নদীর বেড়িবাঁধের ফুলগাজীর উত্তর শ্রীপুর ও দৌলতপুর গ্রাম এবং কহুয়া নদীর বেড়িবাঁধের বৈরাগপুর গ্রাম এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, নিলক্ষী, দেড়পাড়া, বাসুরা, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বিজয়পুর, বসন্তপুর, ঘোষাইপুর, বরইয়া, বৈরাগপুর এবং মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া, বালুয়া ও চানপুর গ্রাম প্লাবিত হয়েছে। এ কারণে পুকুরের মাছ ভেসে গেছে এবং মাঠে লাগানো আমন গাছের চারা তলিয়ে গেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, থানার সামনে প্রায় দুই ফুট পানি। পুরোনো ভবনের মেঝেতে পানি ঢুকে গেছে। এক থেকে দেড় ইঞ্চি পানি বাড়লে নতুন থানা ভবনেও পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান জানান, ফুলগাজী উপজেলা পরিষদের সামনে ফেনী-পরশুরাম সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।
পানি উন্নয়ন বোর্ডের ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের তিনটি স্থানে ভাঙন সৃষ্টি হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে মুহুরী নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃষ্টি বন্ধ ও ভারতীয় উজানের পানি কমে গেলে পরিস্থিতির উন্নতি হবে। তখন বেড়িবাঁধের ভেঙে যাওয়া স্থানগুলো সংস্কার করা হবে।