ফুলগাজীতে বালুমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা সদরে গতকাল শনিবার বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ফেনী-পরশুরাম সড়কে বেশ কটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর গ্রামে মুহুরী নদীর বালুমহালের আধিপত্য নিয়ে গতকাল সন্ধ্যায় ফুলগাজী বাজারে শ্রীপুরের মহিউদ্দিনের সঙ্গে কিসমত ঘনিয়ামোড়া গ্রামের সামছু মিয়ার কথাকাটাকাটি শুরু হয়। খবর পেয়ে দুই পক্ষের সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সবুজ (১৮), সাইফুল (১৯), মিলন (২৫) ও হুদা মিয়াকে (৬০) ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ফেনী-পরশুরাম সড়কে ৮-১০টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ওই সড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।