ফুলগাজীতে মা-মেয়েকে খুনের দায় স্বীকার
ফেনীর ফুলগাজীতে মা ও মেয়ে খুন হওয়ার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ফারুক ভূঁঞা (৪০) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার জিএম হাট ইউনিয়নের পূর্ব বসিকপুর গ্রামের অধিবাসী। আজ সোমবার বিকেলে ফেনীর বিচারিক হাকিম আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।
ফারুককে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ধ্রুব জ্যোতি পালের আদালতে হাজির করা হয়। জবানবন্দিতে তিনি ফাতেমা ও তাঁর মেয়ে ইসফাকে হত্যার দায় স্বীকার করে বক্তব্য দেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ জানান, ২৪ মে দুপুরে পূর্ব বসিকপুর গ্রামে বিবি ফাতেমা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে ইসফাকে ঘরের মধ্যে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। আদালতে ফারুক বলেন, ফাতেমা ঘরে একা আছেন জেনেই তিনি ওই দিন দুপুরে ফাতেমাদের বাড়িতে যান। তখন ঘরের মূল দরজা ও রান্নঘরের দরজা খোলা ছিল। ফারুক রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে ঢোকেন। ফাতেমার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লাঠি দিয়ে তিনি ফাতেমাকে পেটান। পরে ফেঁসে যাওয়ার ভয়ে ফাতেমা ও তাঁর মেয়ের গলা টিপে ধরেন।
এ ঘটনায় ২৫ মে নিহত ফাতেমার মা হোসনে আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে ফুলগাজী থানার হত্যা মামলা করেন।