ফেনীর ফুলগাজীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে। অসন্তোষের প্রেক্ষাপটে উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত ঘোষণা করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর মজুমদার বলেন, প্রথমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানকে ফুলগাজী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মনোনীত করা হয়। কিন্তু শেষ মুহূর্তে সাবেক জেলা কমান্ডার সালেহ আহম্মদকে ফুলগাজী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সালেহ আহম্মদকে সভাপতি মনোনীত করায় যাচাই-বাছাই কমিটির সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর মজুমদারসহ চার সদস্য সালেহ আহম্মদের প্রতি অনাস্থা জানিয়ে তাঁকে কমিটি থেকে বাদ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত আবেদন দেন। কমিটির অপর তিনজন সদস্য হলেন কামাল উদ্দিন রহমানী, মো. ইব্রাহিম ও কাজী আবদুর রহমান মজুমদার।
গতকাল শনিবার সকালে যাচাই-বাছাই শুরু হওয়ার কথা ছিল। তবে সভাপতি সালেহ আহম্মদ ও সদস্য মোহাম্মদ উল্যাহ ছাড়া আর কেউ যাচাই-বাছাইয়ের জন্য হাজির হননি।
ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি সালেহ আহম্মদ প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি মন্ত্রণালয়ের মনোনীত প্রতিনিধি হয়ে এসেছেন। এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পরামর্শে ফুলগাজী উপজেলায় যাচাই-বাছাই স্থগিত করা হয়েছে।
এদিকে যাচাই-বাছাই কমিটি নিয়ে ছাগলনাইয়া উপজেলায় অসন্তোষ দেখা দিয়েছে। সেখানেও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নানকে বাদ দিয়ে সাবেক জেলা কমান্ডার সালেহ আহম্মদকে কমিটির সভাপতি মনোনীত করা হয়। গতকাল উপজেলা কমান্ডার মো. ইউছুফ চৌধুরীসহ কমিটির পাঁচ সদস্য সালেহ আহম্মদের প্রতি অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত আবেদন করেছেন।