ফুলগাজীতে মুক্তিযোদ্ধার জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার ভূমিহীন মুক্তিযোদ্ধা আবদুল হক (৭৫)। ভূমিহীন মুক্তিযোদ্ধা হিসেবে ২০ বছর আগে সরকার তাঁর নিজের ও স্ত্রীর নামে ৯৯ শতক জমি বরাদ্দ দেয়। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা তা দখল করে নেয়। সম্প্রতি সরকার তাঁকে জমি বুঝিয়ে দিলেও তা আবার বেদখল হয়ে যায়। ফুলগাজী উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ফুলগাজী ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ভূমিহীন মুক্তিযোদ্ধা আবদুল হক ও তাঁর স্ত্রী অজিফা খাতুনের নামে ১৯৮৯ সালে ৯৯ শতক জমি বন্দোবস্ত দেয় সরকার। গোসাইপুর মৌজায় ১ নম্বর খতিয়ানে ১১১ দাগে ১৩ শতক, ১৯২ দাগে ৭২ শতক, ১০২ দাগে ১৪ শতক জমি আবদুল হককে দেওয়া হয়। আবদুল হক অভিযোগ করেন, অনেক চেষ্টা করেও তিনি সেই জমি দখলে নিতে পারেননি। ফুলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, গোসাইপুর গ্রামের মোজাম্মেল ও ধনমিয়া ওই জমি দখল করে রেখেছেন। গত ১৩ মার্চ সরকার তা বুঝিয়ে দিলেও অবৈধ দখলদারেরা খুঁটি উপড়ে ফেলেছে। তারা জমির ধারে-কাছে না যাওয়ার জন্যও হুমকি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবদুল হক খাসজমির জন্য আবেদন করেন। উপজেলা ভূমি কার্যালয় ও খাসজমি বন্দোবস্ত কমিটি যাচাই-বাচাইয়ের সময় জানতে পারে, ইতিমধ্যে তাঁর নামে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার হোসেনের নির্দেশে সার্ভেয়ার মিশুক চাকমা ১৩ মার্চ ৯৯ শতক জমির সীমানা নির্ধারণ করে খুঁটি দিয়ে তা আবদুল হককে বুঝিয়ে দেন। কিন্তু তাঁরা চলে যাওয়ার পরই অবৈধ দখলদারেরা সেই খুঁটি উপড়ে ফেলে।মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সাবেক চেয়ারম্যান আবদুল গফুরের সঙ্গে যোগাযোগ করা যায়নি।