ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধে ভাঙন, পাঁচ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন দৌলতপুর গ্রামের বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মুহুরী নদীর বেড়িবাঁধের ডান তীরে দৌলতপুরের সেকান্দর মাস্টার বাড়ির পাশে ভাঙন দেখা দেয়। এতে প্রবল বেগে বন্যার পানি গ্রামে ঢুকে পড়ে এবং আশপাশের পাঁচটি গ্রাম প্লাবিত হয়। গ্রামের রাস্তাঘাট ছাড়াও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এ ছাড়া অনেক পুকুরের মাছ ভেসে গেছে এবং আমন ধানের বীজতলা তলিয়ে গেছে।

প্লাবিত গ্রামগুলো হলো উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, সাহাপাড়া, বরইয়া ও বসন্তপুর।

পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শনে গেছেন। পরিস্থিতি জানার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা বলেন, বেড়িবাঁধের ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে। প্রয়োজনে স্থানীয় লোকজনকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।