ফুলগাজীতে শিক্ষকের লাশ উদ্ধার, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে গতকাল সোমবার সকালে আবদুর রহমান (৪৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। আবদুর রহমান উপজেলার আনন্দপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফুলগাজী উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষক হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আনন্দপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকাল আটটা থেকে ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরওয়ার হোসেন এবং ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান এসে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেল পাঁচটার দিকে অজ্ঞাত দুই যুবক কথা আছে বলে আবদুর রহমানকে বাড়ি থেকে ডেকে নেয়। অনেক খোঁজ করেও না পেয়ে তাঁর স্ত্রী রওশন আরা রাত ১১টার দিকে ফুলগাজী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে এলাকাবাসী বাড়ির পাশে আবদুর রহমানের লাশ দেখতে পায়। লাশ তুলতে গিয়ে তাঁর সাবেক ছাত্র ফখরুল ইসলাম (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, আবদুর রহমানের ডান হাতের একটি আঙুলে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল এবং পিঠে ফোসকার মতো কিছু দাগ দেখতে পাওয়া গেছে। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।