ফুলগাজীতে শিশু ধর্ষণের শিকার
ফেনীর ফুলগাজীতে একটি শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলগাজী থানায় এ মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের একটি শিশু গত রোববার বিকেলে ছাগল আনতে বাড়ির পাশের মাঠে যায়। সেখানে পাশের মনতলা গ্রামের আকবর হোসেন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। ওই দিন সন্ধ্যায় শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ফুলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেনকে জানানো হয়। তবে এ ধরনের ধর্ষণের ঘটনার বিচার ইউপি কার্যালয়ে সম্ভব নয় বলে শিশুটির পরিবারকে জানিয়ে দেন চেয়ারম্যান।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে শিশুটির মা আকবর হোসেনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, চিকিৎসা শেষে গতকাল বুধবার ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।