ফুলগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
ফেনীর ফুলগাজী উপজেলায় আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে হরতাল চলছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করার ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ এ কর্মসূচি দিয়েছে।
হরতালে সকাল থেকে উপজেলা সদরে দফায় দফায় বিক্ষোভ-মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ছাড়া হরতালের সমর্থনে সড়ক অবরোধও করেছেন তাঁরা।
ফেনী-পরশুরাম সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বেলে সড়কে বাধা সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা।
উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সব দোকানপাট বন্ধ রয়েছে। অফিস-আদালতে উপস্থিত কম। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, একরামুল হকের খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে বহনকারী গাড়ি থামিয়ে গুলি করে, কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। গাড়ির ভেতর পুড়ে মারা যান একরামুল।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে একরামুলের বড় ভাই রেজাউল হক ফেনী থানায় হত্যা মামলা করেন। মামলায় জেলা তাঁতী দলের আহ্বায়ক ও উপজেলা নির্বাচনে (একরামুলের বিপক্ষে) বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে আরও ৩৫ জনকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়। এরপর পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করে।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকে গুলি করে ও পুড়িয়ে হত্যা
উপজেলা চেয়ারম্যানকে গুলি করে, পুড়িয়ে হত্যা