ফুলগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হক
একরামুল হক

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ডাকে এ কর্মসূচি পালন করা হয়৷
হরতালের সমর্থনে সকাল ছয়টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ফেনী-পরশুরাম সড়কসহ অন্যান্য সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন৷ কর্মসূচি চলাকালে রিকশাসহ সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকে৷ স্কুল-কলেজে ক্লাস হয়নি৷
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা একরামুলের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে৷ পরে এ ঘটনায় ফেনী থানায় হত্যা মামলা করা হয়৷
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও ফেনী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, এ মামলায় ইতিমধ্যে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগের নেতা জাহিদ চৌধুরীসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ইতিমধ্যে ১১ জন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার এবং হত্যাকারীদের আশ্রয় ও পালাতে সহযোগিতা দেওয়ার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ নয়জনকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে৷