ফুলগাজীতে স্ত্রীকে অগ্নিদগ্ধ করার অভিযোগ
ফেনীর ফুলগাজী উপজেলায় গত বুধবার রাতে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। পরে আগুন নেভাতে গিয়ে তাঁর স্বামীও অগ্নিদগ্ধ হয়েছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফুলগাজীর গোসাইপুর গ্রামের একরামুল হকের (৪২) সঙ্গে দুই বছর আগে পশ্চিম ঘনিয়ামোড়া গ্রামের তাসলিমার (২৪) বিয়ে হয়। তাঁদের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। তাসলিমাকে মারধরও করতেন তাঁর স্বামী। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া বাধে। একপর্যায়ে একরামুল ক্ষিপ্ত হয়ে তাসলিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তাঁর পরনের কাপড়সহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে আগুন নেভাতে গিয়ে একরামুলেরও শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। রাতেই তাঁদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গৃহবধূর বাবা কাজী আলী আকবর বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা করেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, একরামুল ও তাঁর মা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, স্বামী-স্ত্রী সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।