ফুলগাজীতে হরতাল আহ্বান, পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা জাসাসের সভাপতি এবং আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার ওরফে গোলাপ চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল ডেকে পরে তা প্রত্যাহার করা হয়েছে।
রোববার ফুলগাজী থানার পুলিশ গোলাম রসুল মজুমদারকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি ফুলগাজী থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা আছে।
ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ জানান, রোববার দুপুরে গোলাম রসুল মজুমদারকে হাসানপুর থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে গোলাম রসুল মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে জাসাস বুধবার ফুলগাজীতে হরতাল আহ্বান করে। পরে গতকাল সোমবার হরতাল প্রত্যাহার করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এক বিবৃতিতে গোলাম রসুল মজুমদারকে গ্রেপ্তারের নিন্দা ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, তাঁর বিরুদ্ধে সব মামলা ষড়যন্ত্রমূলক।