ফুলগাজীতে হামলায় ওসিসহ ৫ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে এক ছাত্রলীগের নেতার ওপর হামলাকারীদের আটক করতে গিয়ে হামলায় ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় ফুলগাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুর রহমানকে তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার মিজানুর রহমান, নুরনবী ও রিপনসহ ১০-১২ ব্যক্তি কুপিয়ে জখম করে। সূত্র জানায়, হামলার খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান, নুরনবী ও রিপনকে আটক করে। পুলিশ তাঁদের থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোক ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজারের একটি করাত কলের সামনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।পুলিশ সূত্র জানায়, পুলিশ অবরোধ সরাতে গেলে গোঁসাইপুর গ্রামের একদল লোক পুলিশের ওপর ইটপাটকেল ও কাঠের টুকরো ছুড়তে থাকে। এতে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন, উপসহকারী পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম, কনস্টেবল সমর জ্যোতি বড়ুয়া, সৈয়দ আহাম্মদ ও মাঈন উদ্দিন আহত হয়। আত্মরক্ষার্থে ওসি তাঁর পিস্তল দিয়ে তিনটি ফাঁকা গুলি ছোড়েন। এ সময় পুলিশ চারটি শর্টগানের গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আহত সদস্যদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় সন্ধ্যা সাতটা থেকে তিন ঘণ্টা ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় সন্ত্রাসীরা চারটি যানবাহন ভাঙচুর করে।পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোস্তফা পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে মিজানুর রহমান, নুরনবী ও রিপনসহ ২৫ জনকে আসামি করে আরও একটি মামলা করেন ছাত্রলীগের আহত নেতা সফিকের ভাই আবদুল হাই।