ফেনীর ফুলগাজীতে গত সোমবার ডিবি পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর ও চকলেট বোমাসহ আসামি ছিনতায়ের ঘটনায় ৩০ জন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ দুটি পৃথক মামলা করেছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে ফুলগাজী উপজেলা সদরের মমতা কনফেকশনারি নামে একটি দোকানে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫ বস্তা আমদানিনিষিদ্ধ ভারতীয় চকলেট বোমা উদ্ধার এবং দোকানের মালিক রনি কুমার সাহাকে (২৮) গ্রেপ্তার করে। চকলেট বোমাসহ তাঁকে গাড়িতে তুলে নিয়ে আসার পথে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ছেলে যুবলীগ কর্মী আরিফুল হক ও ফুলগাজী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন, আবদুল হক, শহীদ, মনসুর, মুরাদ, মিঠু, সোহেল ও রনি সাহার ভাই মহাদেব সাহাসহ ২০-২৫ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পুলিশের গাড়িটি ওই স্থানে পৌঁছামাত্র তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং কিছু চকলেট বোমাসহ ধৃত রনি কুমার সাহাকে ছিনতাই করে নিয়ে যান। এ সময় দুজন পুলিশ সদস্যও আহত হন। খবর পেয়ে ফুলগাজী থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে।এ ঘটনায় ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান চৌধুরী বাদী হয়ে সোমবার রাতে ফুলগাজী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।