ফুলগাজীর উপনির্বাচনে আ.লীগের প্রার্থী আবদুল আলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে গতকাল শুক্রবার তৃণমূলের নেতাদের ভোটাভুটি হয়েছে। এতে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম সর্বোচ্চ ৪১ ভোট পেয়ে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, গত ২০ মে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে ফেনীর একাডেমি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে।
১৩ আগস্ট নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে। ২৪ আগস্ট জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামীকাল রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
গতকাল শুক্রবার সকালে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফুলগাজী উপজেলা সদরে তৃণমূল নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় মনোনয়ন দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সাধারণ সম্পাদক আবদুল আলিম পেয়েছেন ৪১ ভোট, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার পেয়েছেন ১৬ ভোট এবং নিহত একরামুল হকের স্ত্রী তাসমিন আক্তারের পক্ষে পড়েছে চার ভোট। যদিও তিনি সভায় উপস্থিত ছিলেন না।