ফুলছড়ি-বাহাদুরাবাদ নৌ পথে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ নৌরুটে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। চাঁদাবাজরা লাল পতাকা দেখিয়ে নৌকার গতি রোধ করে নৌকাপ্রতি এক থেকে তিন হাজার টাকা চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে চালককে মারধর এবং নৌকা থেকে যাত্রী ও মালামাল নামিয়ে দেওয়া হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের এপারে গাইবান্ধার ফুলছড়ি এবং ওপারে জামালপুরের বাহাদুরাবাদ নৌঘাট। প্রতিদিন ফুলছড়ি থেকে যন্ত্রচালিত নৌকা কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর; গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, সুন্দরগঞ্জ; জামালপুরের সানন্দাবাড়ী, বাহাদুরাবাদ, গুঠালসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এসব নৌকায় যাত্রী ছাড়াও ধান, পাট ও গবাদিপশু পারাপার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার কতিপয় চিহ্নিত চাঁদাবাজ লাঠিসোঁটা নিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ফুলছড়ি ঘাটের অদূরে কালাসোনা টার্নিং পয়েন্টে ওত পেতে থাকে। বিশেষত, শনি ও মঙ্গলবার ফুলছড়ি ও ভরতখালী হাটের দিন চাঁদাবাজির ঘটনা ঘটে বেশি। ফুলছড়ি উপজেলার ফজলুপুর গ্রামের নৌকাচালক সুরুজ্জামান (৪৫) বলেন, ওত পেতে থাকা চাঁদাবাজরা লাল পতাকা উড়িয়ে নদীর তীরে আসতে বলে। নৌকা তীরে না ভিড়লে তারা যন্ত্রচালিত নৌকা নিয়ে ধাওয়া করে। মালবাহী নৌকা আটক করে এক থেকে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা যাত্রী, ব্যবসায়ী ও তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে মারধর করা হয়। একই উপজেলার গজারিয়া গ্রামের স্কুলশিক্ষক আলম মিয়া বলেন, এই রুটে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। চাঁদাবাজদের আক্রমণের শিকার হয়ে পুলিশকে খবর দিয়ে কাজ হচ্ছে না। ফলে হাটে দূরের ব্যবসায়ীদের সমাগম কমে গেছে।সম্প্রতি কালাসোনা টার্নিং পয়েন্টে গরু বোঝাই একটি নৌকা থামিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তারা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু ব্যবসায়ী বলেন, ‘টাকা লুটের ঘটনায় থানায় কোনো অভিযোগ করিনি। কারণ থানায় অভিযোগ করতে গেলেও নানা রকম ঝামেলায় পড়তে হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক ফজলুপুর ইউপির এক সদস্য অভিযোগ করেন, ‘চাঁদাবাজরা পুলিশেরই লোক। তারা পুলিশকে মাসোহারা দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। চাঁদার টাকা, সরকারি দলের নেতা, প্রভাবশালী জনপ্রতিনিধি ও পুলিশের মধ্যে ভাগবাটোয়ারা হচ্ছে।’অনুসন্ধানে জানা গেছে, উপজেলার চরাঞ্চলে অবস্থিত ফজলুপুর ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিন্নাত আলী, খোকা মিয়া, আয়নাল, আবু হানিফ, আবুল কালাম, মুসাসহ ১০-১২ জন এই রুটে চাঁদাবাজির সঙ্গে জড়িত। খোকা মিয়া মুঠোফোনে বলেন, ‘আগে আমরা নৌকা থেকে টাকা তুলতাম, এখন এর সঙ্গে জড়িত নই। কারা এসব করছে তা আমার জানা নেই।’ ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নৌরুটে চাঁদাবাজির কথা অস্বীকার করে বলেন, চাঁদাবাজির অভিযোগ পাইনি। মাঝে মাঝে ওই রুটে টহল দেওয়া হয়।