ফুলছড়িতে আট বাড়িতে ডাকাতি আহত ৮
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর গ্রামের আটটি বাড়িতে গত রোববার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় এক নারীসহ আটজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন: রসুলপুর গ্রামের ফরিদ মিয়া, মোহাম্মদ আলী, ভুট্টু মিয়া, আনোয়ার হোসেন, ডাবলু মিয়া, আশরাফুল, মঞ্জিলা বেগম ও ইসলাম মিয়া। তাঁদের মধ্যে মঞ্জিলা বেগমের অবস্থা আশঙ্কাজনক।ফুলছড়ি থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চর এলাকায় রসুলপুর গ্রাম। রোববার গভীর রাতে নদীপথে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে একদল ডাকাত ওই গ্রামে আসে। ডাকাতেরা প্রথমে দরজা ভেঙে রসুলপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে ঢোকে। পরে তারা একই গ্রামের মোহাম্মদ আলী, ভুট্টু মিয়া, আনোয়ার হোসেন, ডাবলু মিয়া, আশরাফুল, মঞ্জিলা বেগম ও ইসলাম মিয়ার বাড়িতেও ডাকাতি করে। এ সময় বাধা দিলে ডাকাতেরা তাঁদের মারধর করে। এতে আটজন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ডাকাতেরা এসব বাড়ি থেকে টাকা, ৫৫টি গরু, মুঠোফোনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ফুলছড়ি থানার পুলিশকে জানানো হয়েছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘ডাকাতির কথা শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’