ফুলছড়িতে টিআর প্রকল্পের গম লুটপােটর অভিযোগ
কোনো কাজ না করেই গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের বরাদ্দের গম তুলে নেওয়া হয়েছে। প্রকল্প দেখানো হয়েছেন এমন কয়েকটি প্রতিষ্ঠানসংশ্লিষ্ট লোকজন জানেনই না যে তাঁদের প্রতিষ্ঠানের নামে গম বরাদ্দ দেওয়া হয়েছে।
কয়েকটি প্রকল্পের সভাপতিরাও জানেন না যে, তাঁরা প্রকল্পের সভাপতি। কাগজে-কলমে প্রকল্পের বাস্তবায়ন দেখিয়ে সাংসদের ভাই উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্য সহকারী রোমান মিয়া এসব গম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, গত ২৪ জুন ফুলছড়িতে সাংসদদের নামে বরাদ্দ বিশেষ টিআর কর্মসূচির আওতায় দুই দফায় ৮৫ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। গত ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। এই অল্প সময়ের মধ্যে কাজ শুরুই করা যায়নি। অথচ ৩০ জুনের মধ্যে কাজ শেষ হয়েছে উল্লেখ করে ভুয়া কাগজপত্র (মাস্টার রোল) তৈরি করে বরাদ্দের সব গম উত্তোলন করা হয়। ওই পরিমাণ গমের বিপরীতে প্রকল্প দেখানো হয় ৪৫টি।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়ার পক্ষে তাঁর ভাই রোমান মিয়া প্রকল্পের তালিকা তৈরি করেন।
বেঞ্চ সরবরাহের জন্য ফুলছড়ি ডিগ্রি কলেজে পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ওই কলেজের অধ্যক্ষ মাজহারুল মান্নান বলেন, ‘বেঞ্চ তৈরি তো দূরের কথা, কলেজের নামে গম বরাদ্দের কথা সাংবাদিকদের কাছে প্রথম শুনলাম।’ বেঞ্চ সরবরাহের জন্য হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামসুজ্জোহাও একই মন্তব্য করেন।
উপজেলার পূর্ব ছালুয়া বটতলা জামে মসজিদ সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় এক মেট্রিক টন গম। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফিজল হক বলেন, ‘কাজ তো দূরের কথা, গম বরাদ্দের কথা সভাপতি হয়েও আমি জানি না। এই প্রকল্পে অন্য গ্রামের লোককে সভাপতি করে গম উত্তোলন করা হয়েছে।’
উপজেলার গুণভরি বাঁধ থেকে জোব্বার ডিলারের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পে চেয়ারম্যান করা হয় আবদুল জব্বার নামের এক ব্যক্তিকে।
জব্বার বলেন, ‘আমার কাছ থেকে প্রকল্পে স্বাক্ষর নিয়েছে সাংসদের ভাই রোমান মিয়া। তিনি গম বিক্রি করে টাকা দিতে চেয়েছেন। তবে গত ১৮ জুলাই পর্যন্ত কোনো টাকা পাইনি।’
উপজেলার হরিচণ্ডী রাজার বাড়ি থেকে হাইস্কুল পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের সভাপতি করা হয় গোলাম রব্বানীকে। গোলাম রব্বানী বলেন, ‘রোমান ভাই আমার বাড়ির মসজিদ উন্নয়নের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন। কিন্তু ওই সড়ক সংস্কার প্রকল্পে আমাকে সভাপতি করা হয়েছে কি না সেটা আমার জানা নেই।’
নাম প্রকাশ না করার শর্তে এক প্রকল্প সভাপতি বলেন, সাংসদের ভাই তাঁর পছন্দের লোককে প্রকল্পের সভাপতি করে গম আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রোমান মিয়া বলেন, ছবি, জাতীয় পরিচয়পত্র এবং কাগজপত্রে প্রকল্পের সভাপতির স্বাক্ষর লাগে। সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতিরাই স্বাক্ষর দিয়ে গম উত্তোলন করেছেন। এরপর কেউ অস্বীকার করলে, সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন। তিনি বলেন, ‘আমি সাংসদের ভাই। তাঁর পক্ষে প্রকল্প সভাপতিদের ছবি, জাতীয় পরিচয়পত্র নিয়ে তালিকা তৈরি করেছি। সময়ের অভাবে ৩০ জুনের মধ্যে কাজ করা যায়নি। তবে প্রকল্প সভাপতিদের কাছ থেকে পুরো কাজ বুঝে নেওয়া হবে।’
পিআইও মো. আবু হেনা বলেন, ৩০ জুনের মধ্যে উত্তোলন করা না হলে গম ফেরত যেত। তাই ১০ জুলাইয়ের মধ্যে কাজ সম্পন্ন করার শর্তে গম উত্তোলনের ছাড়পত্র দেওয়া হয়। তবে দেরি হলেও প্রকল্পের কাজ বুঝে নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, কাজ না করলে প্রকল্প সভাপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।