ফুলছড়িতে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ি ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দ ত্রাণের প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত মঙ্গলবার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৮ জুলাই প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে উপজেলার এড়েন্ডাবাড়ি, ফজলুপুর ও গজারিয়া ইউনিয়নের দুই হাজার পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে এক কোটি টাকা বিতরণ করা হয়। এর মধ্যে এড়েন্ডাবাড়ি ইউনিয়নের ৭০০ পরিবারের জন্য ৩৫ লাখ টাকা দেওয়া হয়। প্ল্যান বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ অর্থ বিতরণ করে। কিন্তু এই টাকা বিতরণে অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটেছে। এড়েন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের দিনমজুর আবুল কালাম, সাহা মিয়া, নজরুল ইসলাম ও ডাকাতেরচর গ্রামের মর্জিনা বেগম জানান, এবারের বন্যায় তাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ত্রাণের টাকা বিতরণে তাঁদের নামও তালিকাভুক্ত করা হয়, কিন্তু তাঁরা টাকা পাননি। পশ্চিম জিগাবাড়ি গ্রামের রওশন আরা, সুফিয়া বেগম ও কোহিনূর বেগম জানান, পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বলে টিপসই নিলেও তাঁদের দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে। এড়েন্ডাবাড়ি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মতিন তালুকদার, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বদিউজ্জামান জানান, ইউনিয়নের মধ্যে তাঁদের তিনটি ওয়ার্ডে অন্তত দেড় হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এই তিন ওয়ার্ডে ত্রাণ হিসেবে কোনো টাকা বরাদ্দ দেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন, ইএসডিও কর্মকর্তা ও এড়েন্ডাবাড়ি ইউপির চেয়ারম্যান মতিন মণ্ডল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুরুজ্জামানসহ কয়েকজন সদস্য প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ইউপি সদস্য সুরুজ্জামান তাঁর স্ত্রী, ভাই, ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনের নামে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ইউপি চেয়ারম্যান মতিন মণ্ডল বলেন, ‘আমি তালিকা তৈরি করিনি। ইএসডিওর কর্মকর্তারা ইউপি সদস্যদের সহায়তা নিয়ে তালিকা করেছেন।’ ইউপি সদস্য সুরুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে ত্রাণের টাকা বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আমার আত্মীয়স্বজনদের নাম তালিকায় আছে, এটা ঠিক।’ইএসডিও জেলা সমন্বয়কারী হাফিজুল ইসলাম বলেন, ‘ত্রাণের টাকা বিতরণে অনিয়মের সঙ্গে আমাদের কোনো কর্মকর্তা জড়িত নয়। তবে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা জড়িত থাকতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’