ফুলছড়িতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নীলকুঠি গ্রামের নিখোঁজ স্কুলছাত্র মকছেদুল ইসলামের (১১) লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ফুলছড়ি এম এম কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
মকছেদুলের পরিবার ও ফুলছড়ি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মকছেদুল গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়িসংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রংপুর থেকে আসা ডুবারু দল ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান চালিয়ে গতকাল সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।
ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর মকছেদুলের লাশ পাওয়া যায়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।