ফুলজোড় নদীর তীরে বউমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বয়সের বউদের অংশগ্রহণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বউমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ভোর থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ফুলজোড় নদীর তীরের ভুইয়াগাঁতীতে এ মেলা বসে।
মেলার প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে ক্রেতা-বিক্রেতা সবাই নারী। এলাকার বউয়েরা অষ্টমী স্নানের পরের দিন নবমী তিথিতে স্বামী-সংসারের মঙ্গল কামনায় স্নান করতে আসেন। ফেরার পথে গৃহস্থালির ও নিজের জন্য প্রয়োজনীয় নানা জিনিস কেনেন।
ভুইয়াগাঁতী এলাকার গৃহবধূ অঞ্জনা রানী দাস বলেন, ‘প্রতিবছরই বউমেলায় আসি নানা জিনিস কিনতে।’ লক্ষ্মী রানী বলেন, ‘এ দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। পুণ্যস্নানের পরে সংসারের দরকারি বিভিন্ন জিনিস নিজে পছন্দ করে কিনে বাড়ি ফিরি।’
চুড়ি-দুল, ফিতা-মালা বিক্রেতা প্রিয়বালা দাসী বলেন, ‘বছরের অনেকটা সময় মেলায় মেলায় ঘুরে বেড়াই। কিন্তু বউমেলায় এসে অন্য রকম লাগে। এখানে সবাই নারী বলে মেলার পরিবেশ ভালো লাগে।’ দিলীপ কুমার দাস বলেন, আগে বউ-ঝিয়েরা প্রচুর পরিমাণে এ মেলায় আসত। এখনো সেই ধারা বজায় আছে। মেলার নিরাপত্তার বিষয়টি স্থানীয়ভাবে দেখা হয় বলে তিনি জানান।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, বাঙালির নানা রকম পার্বণ রয়েছে। এগুলো সংরক্ষণে প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়।