ফুলতলায় পাওয়া গেল খানজাহান আলীর (রহ.) দশগম্বুজ মসজিদ
‘পয়গ্রামে ভৈরব নদীর খুব সন্নিকটে একটি প্রকাণ্ড উঁচু ঢিবি কোনো পূর্বকীর্তির সাক্ষীর মত দাঁড়াইয়া আছে।...এখানে বাগেরহাটের ষাটগম্বুজের মত কোনো বৃহৎ নামাজের স্থান বা দরবারগৃহ ছিল। শুনিয়াছি নিকটবর্তী মধ্যপুর গ্রামে শ্রীধরপুরের ঈশ্বরচন্দ্র বসু মহাশয় নীলের কুঠি করিবার জন্য এই বিরাট ভগ্নগৃহ ভাঙ্গিয়া চুরিয়া বিলুপ্ত করিয়াছিলেন।’ ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র এভাবেই বর্ণনা করেছেন যশোহর-খুলনার ইতিহাস গ্রন্থে। ঐতিহাসিক সতীশচন্দ্র বর্ণিত স্থান খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম-কসবা গ্রামে টানা ১৫ দিন খননকাজ চালিয়ে গতকাল বুধবার হজরত খানজাহান আলী (রহ.) নির্মিত দশগম্বুজবিশিষ্ট একটি প্রাচীন মসজিদ পাওয়া গেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক শিহাব উদ্দিন মোহম্মদ আকবর বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, এখানে পঞ্চদশ শতাব্দীতে খানজাহান (রহ.) একটি দশগম্বুজবিশিষ্ট মসজিদ করেছিলেন।