ফুলতলায় প্রাচীন স্থাপনা উদ্ধারে খননকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম-কসবা গ্রামে হজরত খানজাহান আলীর প্রাচীন স্থাপনা উদ্ধারে গতকাল সোমবার থেকে প্রত্নতত্ত্ব বিভাগ খননকাজ শুরু করেছে।প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক শিহাব উদ্দিন মোহাম্মদ আকবর ও ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান খননকাজ উদ্বোধন করেন।গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, গ্রামবাসী সেখানে মসজিদের ভিত্তি স্থাপনের জন্য মাটি খুঁড়ে রেখেছে। মাটি খোঁড়ার পর কয়েকটি স্থানে প্রাচীন ইটের গাঁথুনির স্থাপনা বেরিয়ে রয়েছে।ওই গ্রামের বাসিন্দা মাহমুদ মোল্লা (৮০), শেখ আমীর আলী (৭৫), কাজী জাহিদুল (৬৬) ও শেখ আফজাল হোসেন (৫৭) জানান, ফুলতলার পায়গ্রাম-কসবা গ্রামের উত্তর ডিহি এলাকায় শতাধিক বছর ধরে একটি উঁচু ঢিবির ওপর মসজিদ বানিয়ে নামাজ আদায় করা হচ্ছিল। গত বছর গ্রামবাসী পুরোনো মসজিদটি ভেঙে আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। সে অনুযায়ী ভিত্তি স্থাপনের জন্য ঢিবির মাটি খোঁড়া শুরু করলে বিভিন্ন স্থানে প্রাচীন স্থাপনার সন্ধান মেলে। এ খবর প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানতে পেরে মাটি খোঁড়ার কাজ বন্ধ করার নির্দেশ দেয়। প্রথমে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও পরে তারা সহযোগিতার হাত বাড়ায়।শিহাব উদ্দিন মোহাম্মদ আকবর জানান, প্রাচীন এই স্থাপনা হজরত খানজাহান আলীর নির্মিত মসজিদ অথবা দরবার হল বলে ধারণা করা হচ্ছে। হজরত খানজাহান আলী পঞ্চদশ শতকে বাগেরহাটের খলিফাদাবাদ ও খুলনার ফুলতলার পায়গ্রাম-কসবা গ্রামে শহর প্রতিষ্ঠা করেছিলেন, যা সতীশ চন্দ্র মিত্রের যশোর-খুলনার ইতিহাস বইয়ে লিপিবদ্ধ আছে।