ফুলতলায় বিধবার জমি নিয়ে বিরোধ, গ্রামবাসীর মিছিল
খুলনার ফুলতলা উপজেলার বানিয়াপুকুর গ্রামে এক বিধবার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত রোববার সকালে একদল লোক ওই গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে বিপুলসংখ্যক লোকজন মিছিল করেছে এবং উপজেলা ইউএনওর কাছে এর প্রতিকার দাবি করে স্মারকলিপি দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাড়াখোলা গ্রামের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান খান (৫৩) রোববার ভোরে বানিয়াপুকুর গ্রামের বিধবা উমা রানী মণ্ডলের (৬০) বিলের একখণ্ড জমির বেড়িবাঁধ ভেঙে দেন। ওই ঘটনা জানতে পেরে উমা রানী, তাঁর জামাই মহানন্দ বিশ্বাসসহ কয়েকজন সেখানে গিয়ে বাধা দেন।উমা রানী মণ্ডল বলেন, ‘গাড়াখোলা গ্রামের রহমান খান রোববার ভোরে লোকজন নিয়ে ডাকাতিয়া বিলি আমার একটা জমি গায়ের জোরে নিজির দাবি করে বেড়িবাঁধ কাটে দেছে। আমরা শুনে বাধা দিলি তারা ফিরে যায়। এর কিছু সময় পরে ৫০ থেকে ৬০ জন লোক আসে আমাগে গ্রামে ঘরে ঘরে ঢুহে খোঁজতি থাহে। তখন সবাই ভয়তে পালাতি থাহে। তাই আমরা মিছিল করে প্রতিকার চাইছি।’ রহমান খান বলেন, ‘ওই জমি আমার। ওরা দখল করে নেওয়ায় আমি বাঁধ কেটে দিয়েছি। তখন ওরা আমাকে মারধর করেছে। এই খবর শুনে আমার আত্মীয়স্বজন সেখানে এলে তারা পালিয়ে যায়।’ ফুলতলার ইউএনও হাবিবুর রহমান বলেন, ‘রহমান খান একজন ভূমিদস্যু। তিনি ওই পরিবারের একজনের জমি কিনে চারজনের জমি দখলের চেষ্টা করছেন। রোববার ওই গ্রামে গিয়ে হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগীরা স্মারকলিপি দিয়েছেন। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।’