ফুলতলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারের কাছের একটি মাঠে যাত্রার নামে অশ্লীল নৃত্যের প্রদর্শনী ও জুয়া খেলা চলছে। অনেক এইচএসসি পরীক্ষার্থী যাত্রা ও নাচ দেখতে সেখানে যাচ্ছে। এতে অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি জুয়া খেলতে গিয়ে অনেকেই হচ্ছে সর্বস্বান্ত।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় জামিরা বাজার গান কমিটি ওই মাঠে যাত্রা প্রদর্শনীর আয়োজন করেছে। এ প্রদর্শনী ২ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে। রাত ১১টার দিকে যাত্রা শুরু হয়। কিন্তু শুরুতেই যাত্রার পরিবর্তে হয় অশ্লীল নৃত্য। রাতের শেষের দিকে যাত্রার একাংশ প্রদর্শন করা হয়। অধিকাংশ লোকজন এ নৃত্য দেখতে আসে। আসল যাত্রা দেখা লোকের সংখ্যা খুব কম। মাত্র ১৩ দিন পর এইচএসসি পরীক্ষার শুরু হবে। পরীক্ষার্থীরা লেখাপড়া বাদ দিয়ে অশ্লীল নৃত্য দেখার জন্য এখানে আসছে। যাত্রার প্যান্ডেলের পাশে বিভিন্ন ধরনের জুয়া খেলা হচ্ছে। এতে অংশ নিয়ে অনেকেই টাকা খোয়াচ্ছে।সরেজমিনে গত শনিবার রাতে দেখা যায়, জামিরা বাজারের পাশের মাঠে প্যান্ডেল করা হয়েছে। আশপাশে জুয়া খেলা চলছে। রাত ১১টার দিকে প্যান্ডেলের ভেতরে যাত্রা প্রদর্শনী শুরুর ঘোষণা দেওয়া হয়। এ সময় একজন নারী মঞ্চে উঠে অশ্লীল নৃত্য শুরু করেন। নৃত্য চলাকালে দর্শকেরা মঞ্চে টাকা ছুড়তে থাকে। রাত দুইটা পর্যন্ত এ রকম চলতে থাকে। এরপর যাত্রাশিল্পীরা আড়াইটা পর্যন্ত একক ও দলীয় গান পরিবেশন করেন। পরে রাত পৌনে তিনটার দিকে যাত্রা শুরু হয়।যাত্রা কেমন দেখলেন, জানতে চাইলে রঘুনাথপুর গ্রামের মো. হারুন বলেন, ‘যাত্রা কোথায় দেখলাম। এখানে অশ্লীল নাচের জলসা দেখাচ্ছে।’ছেলেকে শনিবার রাতে পড়ার টেবিলে না পেয়ে যাত্রার প্যান্ডেলের মাঠে আসেন ধামালিয়া গ্রামের আছর মোড়ল। তিনি বলেন, ‘আমার ছেলের সামনে পরীক্ষা। আমরা সবাই যখন ঘুমিয়ে পড়ি, তখন সে যাত্রা দেখতে বের হয়। আজ (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে রুমে গিয়ে দেখি ও নেই। তাই এখানে খুঁজতে আসলাম।’ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বলেন, ‘অশ্লীল নৃত্যের বিষয়ে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নজির মোল্লা বলেন, ‘দর্শক খালি নেকেট (অশ্লীল নৃত্য) দেখতি চায়, তাই চলতেছে। দুই দিন আগে ফড় (এক ধরনের জুয়া) খেলা হইল। চার-পাঁচজনের মতো ফড় নিয়ে বসে। তারপর ওসি সাহেব বন্ধ করতি কলি বন্ধ করিলাম।’