ফুলপুর থেকে ফেরত যাচ্ছে কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) এক কোটি সাত লাখ ৫৯ হাজার ৮০০ টাকা ফেরত যাচ্ছে। কাজ ঠিক সময়ে শুরু ও শেষ না হওয়ায় প্রকল্পের ওই অর্থ ফেরত পাঠাতে হচ্ছে বলে জানা গেছে। এ জন্য উপজেলা প্রশাসনকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন অতি দরিদ্র দিনমজুরেরা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলপুরে অতি দরিদ্রদের পুনর্বাসনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত ২৩ ফেব্রুয়ারি পাঁচ কোটি ১৪ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি ইউনিয়নে মোট আট হাজার ৫৮২ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হয়।নির্দেশনায় বলা হয়, প্রত্যেক শ্রমিক দৈনিক ১৫০ টাকা করে মজুরি পাবেন এবং প্রত্যেককে টানা ৪০ দিন কাজ করতে হবে।১ মার্চ কাজ শুরু করে ২৫ এপ্রিল শেষ করার কথা ছিল। তবে প্রকল্পের আওতাধীন কয়েকটি জেলার আবেদনের পরিপ্রেক্ষিতে কাজ শুরুর তারিখ পিছিয়ে মে মাসে নেওয়া হয়। একই সঙ্গে শেষ হওয়ার তারিখ পেছানো হয় ২০ জুন পর্যন্ত। তবে এ উপজেলার তিনটি ইউনিয়নে এপ্রিলে কাজ শুরু করা হয়। বাকি সব কটি ইউনিয়নে কাজ শুরু হয় মে মাসে। ফলে ওই তিনটি ইউনিয়ন বাদে কোনো ইউনিয়নেই ২০ জুনের মধ্যে কাজ শেষ করা যায়নি। তাই প্রকল্পের অবশিষ্ট অংশের টাকা ফেরত যাচ্ছে। সব মিলিয়ে এ অর্থের পরিমাণ এক কোটি সাত লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় তাঁরা ওই প্রকল্পের বিপুল অর্থ থেকে বঞ্চিত হয়েছেন। শ্রমিকদের হাতে কোনো নিয়োগ কার্ডও দেওয়া হয়নি বলেও তাঁরা অভিযোগ করেন।প্রকল্পের ছনধরা ইউনিয়ন কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সুলতান চৌধুরী বলেন, স্থানীয়ভাবে কমিটি গঠন করা হলেও তদারক কর্মকর্তা না পাওয়ায় তাঁর ইউনিয়নে কাজ শুরুই হয়নি। ফলে বরাদ্দ পাওয়া ২৪ লাখ ৬৬ হাজার টাকার পুরোটাই ফেরত যাচ্ছে।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ছনধরা ইউনিয়নের তদারক কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার বলেন, ময়মনসিংহে প্রশিক্ষণ থাকায় তদারক কর্মকর্তা হলেও তিনি ওই ইউনিয়নে দায়িত্ব পালন করতে পারেননি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ এস এম রউকত হোসেন প্রথম আলোকে বলেন, তদারক কর্মকর্তাসহ সবাইকে যথাসময়ে কমিটি গঠন করতে বলা হলেও তা করা হয়নি।ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস বলেন, ‘আমি এই উপজেলায় নতুন যোগ দিয়েছি। শুনেছি, তদারক কর্মকর্তা নিয়োগে জটিলতা এবং কমিটি গঠনে দেরি হওয়ায় কাজ শুরু করা হয়নি।’