ফুলপুর পরপাড়া ডোবা বিলে পদ্মর হাসি

কবি সুনীল গঙ্গোপাধ্যায় ‘কেউ কথা রাখেনি’ কবিতায় বলেছিলেন ১০৮টি নীল পদ্মের কথা। তবে নীল নয়, গোলাপি পদ্মে ঢাকা বিলের দেখা কিন্তু পাওয়া যায়। প্রিয়াকে দেওয়া কথামতো ১০৮টি কেন, পারবেন অগুনতি পদ্ম তুলে দিতে তাঁর হাতে। পদ্মের অপূর্ব সৌন্দর্য দেখতে আসতে হবে পরপাড়া ডোবা বিলে। দূর থেকে দেখে মনে হবে যেন ফুলের বিছানা পাতা। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া জলজ ফুলের রানি পদ্ম সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ফুলপুরের ডোবা বিলের।
প্রতিদিন এ সৌন্দর্য উপভোগ করতে আসছেন দর্শনার্থীরা। ময়মনসিংহ জেলার সদর থেকে ৩১ কিলোমিটার দুরে হাতছানি দিয়ে মানুষকে আকৃষ্ট করছে ফুলপুরের ‘পরপাড়া ডোবা বিল’। ফুলপুর সদর থেকে দুই কিলোমিটার দূরে এ পদ্মবিল।

নৌকায় চড়ে উপভোগ করা যায় পরপাড়া ডোবা বিলের পদ্ম ফুলের সৌন্দর্য ও পাখিদের বিচরণ। গ্রাম-বাংলার যেখানে পুকুর, খাল, বিল রয়েছে, সেখানে দেখা মিলবে অপরূপ এই ফুলের। তেমনই ফুলপুর বিলে ফুটে থাকা পদ্ম তৃষ্ণা মেটাচ্ছে প্রকৃতিপ্রেমীদের। চারদিকে লতা-গুল্ম, কোথাও কচুরিপানা। এরই মাঝে ভেসে রয়েছে অগণিত পদ্ম। স্নিগ্ধ রং আর আকাশে মেঘের ভেলা—এই দুইয়ে মিলে যেন একাকার প্রকৃতি। বর্ষার পর শরতেও জেলায় বিলগুলোয় এখন পদ্মের সমাহার। কোথাও ফুটেছে, কোথাও আবার ফোটার অপেক্ষা। পদ্মপাতায় জমে থাকা পানিও রঙিন করে মানুষের মনকে। ১৯৮৮ সালের পর থেকে বর্ষাকালে এ বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবেই পদ্ম ফোটে। আর এ কারণে এখন এটি পদ্মবিল নামেই পরিচিত হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে চারদিকে শুধু পদ্ম আর পদ্ম। এমন অপরূপ দৃশ্য ভ্রমণপিপাসুদের হাত ছানি দেয়। এ বিলের সৌন্দর্য ও পদ্ম দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আসছে শত শত লোক।

ভাসমান একেকটি পদ্মর রূপশোভা অভিভূত করে যেকোনো বয়সকে। ছবির মতো সাজানো, হৃদয়কাড়া দৃশ্য আটকে রাখতে পারে না দুরন্ত শৈশবকে। বিলেঝিলে সবুজ প্রান্তর আর পদ্ম ফুলের সৌরভ বিমোহিত করে মনকে। এখানে এলে বাতাসে ছুঁয়ে যায় ফুলের ঘ্রাণ। নয়নাভিরাম এই দৃশ্য গ্রামীণ জীবনে ডেকে আনে একটু প্রশান্তি। আবার কারও কারও জীবনে পদ্ম নিয়েও জড়িয়ে থাকে কতই না স্মৃতি।
