ফুলপুরে আ.লীগের নেতার বাসায় হামলার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলামের বাসায় হামলার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, অতিদরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আওয়ামী লীগের সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও জালাল উদ্দিন গত বৃহস্পতিবার রামভদ্রপুর ইউনিয়নের চায়না মোড়ে সভা ডাকেন। সভায় প্রকল্পের অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে সভা আহ্বানকারীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সভা পণ্ড হয়ে যায়। রাতে ফুলপুরে সাইফুল ইসলামের শিব রোডের বাসায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।এ ঘটনায় রাতেই জহিরুল ইসলাম, জালাল উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা করেন সাইফুল ইসলাম। মামলা দায়ের ও জালালউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জহিরুল ইসলাম বলেন, তিনি কোনো হামলার সঙ্গে জড়িত নন। তবে কর্মসূচির দুর্নীতি নিয়ে তিনি এলাকায় কথা বলতে চেয়েছিলেন।