ফুলপুরে আওয়ামী লীগের কোন্দলে অনুষ্ঠান বন্ধ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আওয়ামী লীগের নেতাদের কোন্দলের কারণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চংনাপাড়া বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানটি বন্ধ হওয়ার পর মন খারাপ করে বাড়ি চলে যায় শতাধিক দর্শক-শ্রোতা।আয়োজক ও এলাকাবাসী জানান, চংনাপাড়া বাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সোনালী স্বপ্ন নামের স্থানীয় ছাত্র সংগঠন। এ জন্য দাওয়াতপত্র ছাপানো, মাইকে প্রচার, মঞ্চ তৈরি করাসহ সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠান শুরুর পর গতবারের জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম আজাদের নাম মাইকে ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানের পাশে বাজারে ছিলেন তিনি। তাঁর নাম ঘোষণায় ক্ষুব্ধ হন ময়মনসিংহ-২ আসনের সাংসদের ভাগনে হামিদুল হক ওরফে লাভইন। হামিদুল আয়োজকদের কাছে সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দাওয়াত না দেওয়ার কারণ জানতে চান এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেন।হামিদুল হক প্রথম আলোকে বলেন, দলের মধ্য থেকে সাংসদ ও সাধারণ সম্পাদক দাওয়াত পাবেন না। অথচ অন্য নেতারা আসবেন, তা তো হয় না। এতে দলের নেতারা চরম অপমানিত হয়েছেন। তাই অনুষ্ঠান বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ব্যাপারে অনুষ্ঠানের সভাপতি ও কামারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান বলেন, মঞ্চ তৈরি ও অন্যান্য অতিথি এবং হাজার হাজার দর্শক এলে অনুষ্ঠানটি শুরু হয়। কিছুক্ষণ পরই আওয়ামী লীগের নেতাদের কোন্দলের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা রাগান্বিত হয়ে বাড়ি ফিরে যায়।আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ বলেন, অনুষ্ঠানটি ছিল দলনিরপেক্ষ। অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করায় সাংসদের লোকজন ক্ষুব্ধ হয়। তিনি বলেন, সব অনুষ্ঠানে সাংসদকে দাওয়াত বা অতিথি করতে হবে, তার কোনো মানে নেই। কয়েকজন দলীয় নেতা হিংসার বশবর্তী হয়ে অনুষ্ঠনটি বন্ধ করে দিয়েছেন।