ফুলপুরে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বহেরাকান্দি গ্রামে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গত চারদিনেও পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে একটি মারামারির ঘটনার তদন্ত করতে ওই গ্রামে যায় তারাকান্দা থানার পুলিশ। পথে চিনাপাড়া এলাকা থেকে মো. জুয়েল (২৫) নামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে তারা। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানার কপি দেখতে চায়। পুলিশ পরোয়ানা ব্যর্থ হলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। স্থানীয়দের ভাষ্যমতে, কথা কাটাকাটির এক ফাঁকে হাত কড়া পড়া অবস্থায় জুয়েল পালিয়ে যান। তবে পুলিশের দাবি, স্থানীরা পুলিশকে মারধর করে জুয়েলকে ছিনিয়ে নিয়ে যায়। এ অভিযোগে ওইদিন রাতে পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও চার জনের বিরুদ্ধে মামলা করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ ওই মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র কুমার নাথ গতকাল জানান, দ্রুত বিচার আইনে করা একটি মামলায় জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। শনিবার তিনজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল ওই এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। স্থানীয়রা তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।