ফুলপুরে ইভ টিজিংয়ের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী, বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুরে ইভ টিজিংয়ের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। গতকাল বুধবার সকালে ফুলপুর উপজেলার তারাকান্দা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ইভ টিজিং করা বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে মেয়েটির বাবা তারাকান্দা থানায় মামলা করেছেন।মামলার সূত্রে জানা গেছে, তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে উপজেলা পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের আবদুস ছালামের ছেলে রাসেল মিয়া চার-পাঁচ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকালে ওই ছাত্রী তার স্কুলগেটের কাছে পৌঁছালে বখাটে রাসেল তার পথ রোধ করে তার সঙ্গে যেতে বলে। এতে সে অস্বীকৃতি জানালে রাসেল তার হাত ধরে জোর করে নিয়ে যেতে চায়। এ সময় মেয়েটি তার হাত থেকে ছুটে দৌড়ে স্কুলে ঢুকে পড়ে এবং তারাকান্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের ঘটনাটি জানায়।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক বলেন, মেয়েটির কথা শুনে তাৎক্ষণিকভাবে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীকে নিয়ে ওই বখাটেকে ধরে তারাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরকার জানান, স্কুলের সামনে একজন পুলিশ মোতায়েনের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বখাটে রাসেলকে গ্রেপ্তার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে।