ফুলপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যা
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জোনাকি নামের আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা রূপসী ইউনিয়নের সলঙ্গা গ্রামের এমদাদুল হক একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জসীম উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরিফা বেগম শুক্রবার বিকেলে মেয়ে জোনাকিকে ভাঙ্গার খাল পাড়ে রেখে গরু আনতে মাঠে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে তিনি তাকে খুঁজতে থাকেন। পরদিন দুপুরে এলাকাবাসী জসীমের কাছ থেকে জানতে পারে, বাড়ি থেকে সামান্য দূরে খয়ড়া নদীর পাশে ঝোপের ভেতর জোনাকির লাশ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জোনাকির লাশ উদ্ধার এবং জসীমকে আটক করে। জসীম উদ্দিন মেয়েটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। জসীমের বাবা গিয়াস উদ্দীন জানান ওই ঘটনায় তিনি মর্মাহত। তাঁর ছেলে যে এ ঘটনা ঘটিয়েছে তা তিনি কল্পনা করতে পারছেন না। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলমের ভাষ্যমতে, জসীম শিশুটিকে ধর্ষণ করার পর তাকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।