ফুলপুরে একই স্থানে বিএনপির দুই পক্ষের ইফতার ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার দুটি পক্ষ গতকাল শুক্রবার তারাকান্দা বাজারের একই জায়গায় একই সময়ে ইফতার মাহফিলের আয়োজন করে। সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিএনপির নেতা সাবেক সাংসদ শাহ শহীদ সারোয়ার গতকাল তারাকান্দা বাজারে সাব-রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে ইফতারের আয়োজন করেন। একই সময়ে একই স্থানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন সেখানে বিকেল সাড়ে চারটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। এ ঘোষণাটি পরে মাইকিং করে সবাইকে জানানো হয়।

শাহ শহীদ সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘১৪৪ ধারা জারি করায় আমরা তালদীঘি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ইফতারের আয়োজন করি।’

মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘উপজেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের কারণে আমরা তারাকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হেকিম মণ্ডলের বাসার সামনে ইফতারের আয়োজন করি।’

 তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।