ফুলপুরে একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিএনপির দুই পক্ষ গতকাল রোববার বিকেলে একই সময়ে একই স্থানে শোকসভা আহ্বান করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে দুই পক্ষ অন্যত্র শোকসভা করে।বিএনপি সূত্র জানায়, ফুলপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বুলবুল তালুকদারের শোকসভা উপলক্ষে দলের মোতাহার হোসেন ও সারোয়ার পক্ষ ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে পৃথক সভা ডাকে। একই স্থানে একই সময়ে দুই পক্ষ সভা আহ্বান করায় কলেজের অধ্যক্ষ বিষয়টি ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও গতকাল বেলা সাড়ে ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেন। এরপর মোতাহার পক্ষ কলেজ মাঠের পাশে এবং সারোয়ার পক্ষ তাঁর থানা রোডের বাসায় শোকসভা করে।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, সন্ধ্যা সাতটার দিকে উভয় পক্ষ শোকসভা শেষে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ওঠে। এ সময় সারোয়ার পক্ষের হামলায় ফুলপুর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (২৮) ও রহিমগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সেলিম ইটপাটকেলের আঘাতে আহত হন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির অনুমতি নিয়েই সভা আহ্বান করা হয়েছিল।’সাবেক সাংসদ সারোয়ার বলেন, ‘আমি ঢাকায়। তবে আমার লোকজন আমার বাসায় শোকসভা করেছে।’ইউএনও এস এম ফেরদৌস বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।