ফুলপুরে একজনকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার গাবরগাতী গ্রামের বাসিন্দা আবদুল কাদির জিলানীকে (৪৫) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গত মঙ্গলবার রাতে গলা কেটে হত্যা করেছে। গতকাল বুধবার পুলিশ রাংসা নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হাফিজ উদ্দিন (৬৫) নামের একজনকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে জিলানী বাড়ির পাশে একটি ঘরে বসা ছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। কিন্তু রাতে তাঁর কোনো সন্ধান মেলেনি। গতকাল সকালে বাড়ির পাশে রাংসা নদীর পাড়ে এলাকাবাসী তাঁর লাশ দেখতে পেয়ে থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তারাকান্দা থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তাঁর ছোট ভাই মিজানুর রহমান তারাকান্দা থানায় হত্যা মামলা করেছেন।