ফুলপুরে এলজিএসপি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এলজিএসপির (লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট) বিভিন্ন প্রকল্পে ২০ ইউনিয়নের সচিবেরা অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসব প্রকল্পে কোথাও কাজ হয়েছে নামমাত্র, আবার কোথাও কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের চেয়ারম্যান ও সেক্রেটারিরাই জানেন না, প্রকল্প কোথায় কীভাবে বাস্তবায়িত হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্টের দ্বিতীয় কিস্তির আওতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ফুলপুর উপজেলার ২০টি ইউনিয়নে এক কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রতি ইউনিয়নে সর্বোচ্চ আট লাখ ৬৮ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন পাঁচ লাখ ৭০ হাজার ২৯ টাকা বরাদ্দ দেওয়া হয়।কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি কাটা ও গর্ত ভরাটের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিন ওই স্কুল মাঠে গিয়ে কোনো মাটি কাটা ও গর্ত ভরাট পাওয়া যায়নি। ওই স্কুলের পাশের বাড়ির তাজুল ইসলাম (২০) ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলতাফ হোসেন বলেন, ‘মাঠে কোনো মাটি কাটা হয়নি। তবে কয়েক মাস আগে অতিদরিদ্র কর্মসূচির শ্রমিকেরা কিছু মাটি কেটেছিল। এটুকুই আমরা জানি।’স্কুলের প্রধান শিক্ষক ও ওই প্রকল্পের সভাপতি অনিল চন্দ্র সরকার বলেন, এখন বর্ষাকাল, তাই কোথাও মাটি না পাওয়ায় মাটি কাটা সম্ভব হয়নি। তবে বর্ষা গেলে তিনি মাটি কাটবেন বলে জানান। ওই ইউনিয়নের অফিস গেট নির্মাণ ও অফিস ঘর সংস্কারের জন্য বরাদ্দ হওয়া এক লাখ টাকা শুধু পুরোনো গেটে রং করে এবং অফিস ঘরের দরজা-জানালায় রং-চুনের কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়। ওই ইউনিয়নের ওই সব প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হয়েছে—এ ব্যাপারে ১০ জন ইউপি সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রের কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিন ও সরঞ্জাম ক্রয় প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ থাকলেও ইউপি সচিব রাখাল চন্দ্র সরকার বলেন, ৬০ হাজার টাকা দিয়ে ফটোস্ট্যাট মেশিন এবং ৩৫ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার কিনেছেন। বাকি টাকা দিয়ে কী করেছেন জিজ্ঞাসা করলে তিনি এ প্রতিনিধিকে টাকা দিয়ে সংবাদ করা থেকে বিরত রাখার চেষ্টা করেন। উপজেলা রামপুর ইউনিয়নের চাড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ ও মেরামতের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হেলিম বলেন, বেঞ্চ পাওয়া তো দূরের কথা, বরাদ্দের কথা এই প্রথম তিনি শুনলেন।ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ হাকীম সরকার বলেন, ২০টি ইউনিয়নে এলজিএসপি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে গত মাসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।ফুলপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, এলজিএসপি প্রকল্পে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। এগুলোর ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।