ফুলপুরে কলেজে যেতে পারছে না এক ছাত্রী
এক বখাটের উত্ত্যক্তের কারণে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেখ মুজিব কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীর ১০ দিন ধরে কলেজে যাওয়া বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেয়েটির বাবা এ ব্যাপারে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।মেয়েটির বাবা জানান, গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের আলী আকবরের বখাটে ছেলে তালেব (২০) প্রায়ই কলেজে যাওরা-আসার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন এবং মঠোফোনে অশ্লীল কথা বলতেন। ৩ আগস্ট তাঁর মেয়ে কলেজে যাওয়ার সময় তালেব তাকে উত্ত্যক্ত করেন এবং একপর্যায়ে অপহরণের চেষ্টা চালান। এ সময় তাঁর মেয়ের সহপাঠীরা এর প্রতিবাদ করলে এবং তাদের কোলাহলে এলাকাবাসী এগিয়ে এলে তালেব চলে যান। এখন তাঁর বিরুদ্ধে মামলা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় মেয়ের কলেজে যাওয়া আপাতত বন্ধ আছে। মেয়ের বাবা আরও বলেন, এখন তাঁর মেয়ে সারা দিন মন খারাপ করে বসে থাকে। লেখাপড়া করার জন্য এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে চায়।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই মনির হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এএসআই আবদুল মালেককে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক চেষ্টা করে ছেলের বাবা কিংবা ছেলের সঙ্গে কথা বলা যায়নি।ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, ‘মেয়েটি যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে কলেজে আসা-যাওয়া করতে পারে, তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’