ফুলপুরে কাবিখার গম ওএমএসের চালসহ সাতজন আটক
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ওএমএস ও কাবিখার আট টন চাল ও ১০ টন গম উদ্ধার করেছে র্যাব। চাল উদ্ধারের সময় সাতজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এসব চাল ও গম উদ্ধার করা হয়। র্যাব-৯ ও থানা সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে র্যাবের একটি বিশেষ দল ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহাবুবুর রহমান ও উপজেলা খাদ্য কর্মকর্তা অমল চন্দ্র দাসকে সঙ্গে নিয়ে বিশ্বরোড এলাকায় অবস্থিত ‘ফুলপুর রাইস মিলে’ অভিযান চালায়। রাজীব আহমেদ ও খালেদ শামস সুজন নামের দুজন ব্যবসায়ী ওই প্রতিষ্ঠানের মালিক। র্যাব সদস্যরা সেখান থেকে ওএমএসের আট টন চাল উদ্ধার করেন। এ সময় চাল পাচারে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, মেরাজ উদ্দিন, আলীম উদ্দিন, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, হারেজ আলী, আবুল হোসেন ও আবদুর রাজ্জাক। এ ঘটনার কিছুক্ষণ পর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের বাড়ির পাশে ১০ টন গম ভর্তি একটি ট্রাক মালিক ও চালকবিহীন অবস্থায় পাওয়া যায়। ট্রাকের খবর পেয়ে র্যাব সদস্যরা সেটি আটক করেন। ট্রাকে থাকা গমের বস্তায় কাবিখা প্রকল্পের কথা লেখা ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা বলেছেন, চাল আটকের খবর ছড়িয়ে পড়ার পর ভয়ে চোরাকারবারিরা ওই গমের ট্রাক ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। চাল আটকের ঘটনায় থানা খাদ্য কর্মকর্তা গতকাল বুধবার সকালে মামলা করেন।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, সাতজনকে আদালতের মাধ্যমে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। তবে গমভর্তি ট্রাকের মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। তিনি জানান, ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।