ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বরাদ্দ করা কাবিখার ২৯৭ টন চাল এখন পর্যন্ত সরকারি গুদামেই পড়ে আছে। যদিও এ চাল গত ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্যয় করার কথা। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংসদের লোকজনের দাবি করা কোটা পূরণে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ জানুয়ারি ময়মনসিংহ জেলা প্রশাসন ফুলপুর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) বাস্তবায়নে ২৯৭ টন খাদ্যশস্য (চাল-গম) বরাদ্দ দেয়। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা সমন্বয় কমিটির সভায় কাবিখা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান ও সাংসদের লোকজনের দাবি অনুযায়ী কোটা পূরণ না হওয়ায় কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। পরে ১০ ফেব্রুয়ারি আবার সভা ডাকা হলে কাবিখার বিষয়ে আলোচনা হয়। কিন্তু এই দিনও কোনো সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংসদের প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যেও ওই বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা হয়। কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো প্রকল্প প্রস্তুত হয়নি। ফুলপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইদুর রানা বলেন, কাবিখার কাজ শুরু না হওয়ায় এ বাবদ বরাদ্দকৃত খাদ্যশস্য কেউ উত্তোলন করেনি। গুদামেই রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, কাবিখা প্রকল্পের ২৯৭ টন খাদ্যশস্যের মধ্যে সাংসদের লোকজনের দাবি ৯০ টন, উপজেলা চেয়ারম্যানের ৪৭ টন আর বাকি ১৬০ টন ইউপি চেয়ারম্যানদের। কিন্তু উপজেলা চেয়ারম্যান এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, তাঁর ৯০ টন, সাংসদের লোকজনের ৪৭ টন আর বাকি ১৬০ টন ইউপি চেয়ারম্যানদের। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কাবিখা প্রকল্পের সদস্য-সচিব এ এস এম রউকত হোসেন বলেন, কাবিখার চাল বরাদ্দ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করার কথা। নির্ধারিত সময়ের মধ্যে কাবিখা বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সাংসদের লোকজন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের দাবি করা কোটা নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় এ অবস্থা হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কাবিখা প্রকল্পের সভাপতি আতাউল করিম বলেন, ‘আমার নিজস্ব কোনো কোটা নেই। ইউনিয়নের জনসংখ্যার ভিত্তিতে বণ্টন করে দিতে চেয়েছিলাম। কিন্তু সাংসদের লোকজন কোটা দাবি করায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাবিখার কাজ শুরু করা যায়নি। তবে অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।’সাংসদ হায়াতুর রহমান খান বলেন, বিভিন্ন কারণে কাবিখা প্রকল্পের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। তবে এখন কাবিখার কাজ শুরু হওয়ার কথা।