ফুলপুরে কাবিখার চাল পড়ে আছে গুদামেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বরাদ্দ করা কাবিখার ৭০০ মেট্রিকটন চাল এখন পর্যন্ত সরকারি গুদামেই পড়ে আছে। যদিও এই চাল গত ডিসেম্বর মাস থেকে ব্যয় করার কথা। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের দাবি করা কোটা পূরণে কোনো সাঝোতায় পৌঁছাতে না পারায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ডিসেম্বর মাসে ময়মনসিংহ জেলা প্রশাসন ফুলপুর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) বাস্তবায়নে দুই পর্যায়ে ৭০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। চলতি বছরের জানুয়ারি মাসের ২৬ তারিখের সমন্বয় কমিটির সভায় কাবিখার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় হট্টগোলের মধ্য দিয়ে চেয়ারম্যানরা সমন্বয় কমিটির সভা থেকে একযোগে বের হয়ে আসেন। পরে তাঁরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ কুতুব চৌধুরীর সঙ্গে আলাদাভাবে আমুয়াকান্দা এলাকায় বসেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। পরে ২ ফেব্রুয়ারি আবারও তাঁরা এক সভায় মিলিত হন। কিন্তু ওই দিনও কোনো সিদ্ধান্ত হয়নি। ৪ ফেব্রুয়ারি বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান সন্ধ্যারাতে ফুলপুরের সাংসদের সঙ্গে আলোচনা করেও কোনো সুষ্ঠু সমাধানে পৌঁছাতে পারেননি। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কাবিখা প্রকল্পের সভাপতি আতাউল করিম বলেন, ‘আমার কোনো দাবিদাওয়া নেই। আমি চেয়ারম্যানদের প্রকল্প জমা করতে নোটিশ ও মৌখিকভাবে একাধিকবার বলেছি, কিন্তু তাঁরা এখনো কোনো প্রকল্পই কারও কাছে জমা দেননি। তাই কাজ শুরু করা হয়নি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কাবিখা প্রকল্পের সদস্যসচিব সিরাজুল ইসলাম সিদ্দিকী বলেন, কাবিখার চাল বরাদ্দ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করার কথা। নির্ধারিত সময়ের মধ্যে কাবিখা প্রকল্প বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের মধ্যে দাবি করা কোটা নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। তাই কাবিখার বরাদ্দ করা চাল সরকারি গুদামে পড়ে রয়েছে।