ফুলপুরে কৃষককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামপুর ইউনিয়নের মেঘাহালা গ্রামে গতকাল শুক্রবার হরমুজ আলী (৭০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ির সীমানাবিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, কৃষক হরমুজ আলী জমিতে সেচ দিয়ে গতকাল বেলা ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষ সুরুজ আলীর বাড়ির সামনে সুরুজ আলী ও তাঁর লোকজন তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় সুরুজ আলীর ছেলে আবদুর রাজ্জাক গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরমুজ হত্যার ঘটনায় পুলিশ সুরুজ আলী ও তাঁর মেয়েকে (১৩) আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার গতকাল বিকেলে জানান, ওই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।