ফুলপুরে গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ধানের খেতে সেচ দেওয়া নিয়ে বিরোধে গুলিতে দুজন নিহত হন। এ ছাড়া অপর একজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন ইয়াওয়াজ আলী খান (৭০) ও তাঁর ছেলে আফজাল খান (২৮)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চং পলাশিয়া গ্রামের ইয়াওয়াজ খান ও আজিজ খানের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল বিকেল পাঁচটার দিকে ইয়াওয়াজ ও আফজাল তাঁদের জমিতে আজিজকে পানি দিতে বললে তিনি পানি না দিয়ে মেশিন খুলে বাড়িতে নিয়ে আসেন। পরে এ নিয়ে দুই পক্ষে তুমুল বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আজিজ ঘর থেকে বন্দুক এনে ইয়াওয়াজ ও আফজালকে গুলি করেন। ইয়াওয়াজের বুকের বাম পাশে ও আফজালের পেটে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এ ছাড়া ইয়াওয়াজের ভাতিজা ফারুক খানের হাতে একটি গুলি লাগে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম গতকাল রাতে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আজিজের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।