ফুলপুরে গৃহবধূ খুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধারাকপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে মমতাজ বেগম নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তাঁকে নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার খবর পেয়ে পুলিশ মমতাজ বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর মাথায়, গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মমতাজ বেগম তিন সন্তানের জননী। ঘটনার দিন রাতে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বলেন, পারিবারিক কিংবা জমি নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।