ফুলপুরে গৃহবধূকে গরম ছুরির ছ্যাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামে অঞ্জু (২৬) নামের এক গৃহবধূকে পেটানোর পর তাঁর শরীরে গরম ছুরি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, ওই গৃহবধূর মাদকাসক্ত স্বামী মো. নয়ন (২৮) গত মঙ্গলবার রাতে এই নির্যাতন চালান। প্রতিবেশীরা নয়নকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অঞ্জুকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে নয়ন ও অঞ্জুর বিয়ে হয়। এ দম্পতির দুটি ছেলে আছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে রান্না করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নয়ন তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে বেদম মারধর করেন। এতে গৃহবধূর বাঁ হাতে গুরুতর আঘাত লাগে। এতেও থামেননি নয়ন। তিনি এরপর একটি ছুরি গরম করে অঞ্জুর তলপেটে ছ্যাঁকা দেন। অঞ্জুর চিত্কারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন এবং নয়নকে আটক করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক নয়নকে থানাহাজতে রাখা হয়েছে।